চাঁদপুর

ওমর ফারুক হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে হাইমচরে মানববন্ধন।

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছোট লক্ষীপুর গ্রামের মৃধা বাড়িতে এজমালি পুকুরের ঘাটলা নির্মাণকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে নিহত ওমর ফারুক হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নিহতের স্বজন, স্থানীয় জনসাধারণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাইমচর থানা ও উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা এবং বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানান।এ সময় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী। তিনি বলেন, একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় একজন তরুণের প্রাণহানি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে। বক্তারা আরও বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি। কোনো প্রভাবশালী মহল বা ব্যক্তি যেন তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করতে না পারে, সে বিষয়েও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।একই সঙ্গে মামলার তদন্তে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়। সময় আরো বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ কোতোয়াল, ৩ নং দক্ষিন আলগি ইউনিয়নের জামাত ইসলামের আমির মাওলানা হাফিজুর রহমান, নিহত ওমর ফারুকের পিতা আব্দুল খালেক ঢালী, মোঃ সুলতান আলী মোঃ শহিদুল্লাহ বেপারি, এছাড়াও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্যাটেলাইট টেলিভিশন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল হাইমচর উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিহত ওমর ফারুকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য, এজমালি পুকুরের ঘাটলা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওমর ফারুক নিহত হন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা আশা করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং অপরাধীদের বিচারের আওতায় আনা সম্ভব হবে।

এই বিভাগের আরও খবর

Back to top button