ঠাকুরগাঁও

রাণীশংকৈলে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর।

হাসিনুজ্জামান মিন্টু রানীশংকৈল প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুকুরে ডুবে সোনিয়া আক্তার (৯) নামে এক আবাসিক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজার লাইটিং ব্রিজ এলাকার কাউন্সিল মহিলা হাফিজিয়া মাদ্রাসার পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মাদ্রাসার কয়েকজন ছাত্রী গোসলের জন্য বৃষ্টির পানিতে পূর্ণ পুকুরটিতে নামে। একপর্যায়ে সোনিয়া পানিতে তলিয়ে যায়। সহপাঠীরা তাকে খুঁজে না পেয়ে দ্রুত শিক্ষকদের জানায়। পরে স্থানীয়দের সহযোগিতায় সোনিয়াকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। নিহত সোনিয়া আক্তার হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের চৌরঙ্গী এলাকার সোহেল রানার মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে কাউন্সিল মহিলা হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করছিলেন। ঘটনার পর মাদ্রাসা প্রাঙ্গণে শোকের ছায়া নেমে আসে। শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী শিশুটির অকাল মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন।রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button