

ইকরাম হোসেন রায়পুরঃ
লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের মাত্র চার মাসের মাথায় স্ত্রী সন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে বিচ্ছেদের ঘটনা ঘটেছে। পরে পারিবারিক বিরোধের অবসানে স্থানীয় জনপ্রতিনিধির মধ্যস্থতায় দুই পরিবারের সম্মতিতে ওই গৃহবধূর সঙ্গে তাঁর মামাতো ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। ব্যতিক্রমী এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের আখন বাজার এলাকায় গৃহবধূর বাবার বাড়িতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই চরলক্ষ্মী আখন বাজার এলাকার সাগরিকা আক্তারের সঙ্গে চরকাছিয়া গ্রামের বায়রাঘাট এলাকার সাহেব আলী মালের ছেলে মিরাজ হোসেন (২৫)-এর বিয়ে হয়। পেশায় নৌকার মাঝি মিরাজের সঙ্গে বিয়ের আগে সাগরিকা স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতেন। বিয়ের পর গত ৩১ অক্টোবর লক্ষ্মীপুর সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম দেন সাগরিকা। বিয়ের মাত্র কয়েক মাসের মাথায় সন্তান জন্মের বিষয়টি প্রকাশ্যে আসার পর দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। পাশাপাশি ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়। এ ঘটনার পর গত ১১ নভেম্বর বিকেলে স্ত্রীকে তালাকনামা পাঠান মিরাজ হোসেন। মিরাজের দাবি, বিয়ের অল্প সময়ের মধ্যে স্ত্রী সন্তান প্রসব করায় বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেন তিনি। একপর্যায়ে স্ত্রীর মামাতো ভাই আবুল খায়েরের সম্পৃক্ততার কথা জানতে পেরে তিনি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। অন্যদিকে, সাগরিকা আক্তার তাঁর পরিস্থিতির জন্য আপন মামাতো ভাই আবুল খায়েরকে দায়ী করেছেন বলে জানা গেছে। আবুল খায়ের পেশায় প্রসাধনীর ব্যবসার সঙ্গে জড়িত। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ আরও জটিল হয়ে উঠলে দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সদস্য মাহমুদ আলী আখনের উদ্যোগে সমঝোতার চেষ্টা করা হয়। তাঁর মধ্যস্থতায় উভয় পরিবারের সদস্যরা আলোচনায় বসেন। আলোচনা শেষে দুই পরিবারের সম্মতিতে সাগরিকা আক্তারের সঙ্গে তাঁর মামাতো ভাই আবুল খায়েরের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাগরিকার বাবার বাড়িতে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর আবুল খায়ের দক্ষিণ চরবংশী ইউনিয়নের বাসিন্দা। তাঁর বাবার নাম আলী আহম্মদ পেদা। তিনি স্থানীয় আসলাম সরদার বাড়ির পাশের পেদা বাড়ির বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় জনপ্রতিনিধি মাহমুদ আলী আখনের মধ্যস্থতায় দুই পরিবারের সম্মতিতে এ বিয়ের আয়োজন সম্পন্ন হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।এদিকে, বিয়ের অল্প সময়ের মধ্যে সন্তান জন্ম, পরবর্তী বিচ্ছেদ এবং মামাতো ভাইয়ের সঙ্গে নতুন করে বিয়ের ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ ও বক্তব্যের পাশাপাশি প্রকৃত ঘটনা, পারিবারিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট সবার অবস্থান নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।










