ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ।


আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ঘিওরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচি চলছে। ১৫ নভেম্বর ২০২৬ মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৩য় ধাপে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তানভীর ইসলাম। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এর যৌথ আয়োজনে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মোট ৬৫ জন প্রশিক্ষণার্থী দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণটি গ্রহণ করছেন।রবিবার ৩য় ধাপে প্রশিক্ষণের উদ্বোধনী এই সেশনটিত উপস্থিত ছিলেন; উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম। প্রধান অতিথি তানভীর ইসলাম তার বক্তব্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ে স্বচ্ছতার সাথে সঠিক তথ্য সংগ্রহের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণ সেশন শেষে তিনি ২১ জন প্রশিক্ষণার্থীর হাতে তথ্য সংগ্রহের উপকরণ হিসেবে ট্যাবলেট কম্পিউটার তুলে দেন।আগামী ১৬ নভেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে। উক্ত প্রশিক্ষণে সংশ্লিষ্ট এলাকার তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারগণ অংশগ্রহণ করছেন, যারা পরবর্তীতে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।










