অভিযোগ

হাইমচরে বিদ্যালয়ে যাওয়ার পথে ১৩ বছরের ছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগে থানায় মায়ের লিখিত আবেদন।

ইসরাত জাহান রুমাঃ
‎চাঁদপুরের হাইমচর উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে ১৩ বছর বয়সি জান্নাতুল ফেরদৌস মীম নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ৩০ বছর বয়সী মো. মাছুম গাজীসহ পাঁচজনের বিরুদ্ধে হাইমচর থানায় লিখিত অভিযোগ করেছেন ছাত্রীর মা আকলিমা বেগম।অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ৩ নম্বর আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের মধ্যচর ভাঙ্গা গ্রামের জনতা বাজার থেকে ক্লিনিকের মোড় পর্যন্ত সড়কে এ ঘটনা ঘটে।ছাত্রীর মায়ের দাবি, দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসা মাছুম গাজী তাঁর মেয়েকে জোরপূর্বক নিয়ে গেছেন। এ সময় অন্য চারজন সহযোগিতা করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।অন্যদিকে অভিযুক্ত যুবকের পরিবারের দাবি, ওই ছাত্রী ও যুবকের মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল এবং তাঁরা স্বেচ্ছায় চলে গিয়ে বিয়ে করেছেন। তবে কোনো পক্ষের বক্তব্যই এখনো চূড়ান্তভাবে প্রমাণিত নয়।নিখোঁজ ছাত্রীর মা আকলিমা বেগম বলেন, দুই দিন ধরে তাঁর মেয়ের কোনো সন্ধান নেই। তিনি দ্রুত মেয়েকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানান। হাইমচর থানার তদন্ত কর্মকর্তা এসআই সৌরভ জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ ছাত্রী ও অভিযুক্ত যুবকের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।একটি ১৩ বছরের শিশুর নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। কথিত প্রেম কিংবা বিয়ের দাবি থাকলেও অপ্রাপ্তবয়স্ক শিশুর অধিকার ও আইনগত সুরক্ষা নিশ্চিত করা জরুরি। শিশুটিকে দ্রুত উদ্ধার করে নিরাপদ পরিবেশে তার বক্তব্য গ্রহণ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।এলাকাবাসির প্রত্যাশা, প্রশাসন দ্রুততম সময়ে মীমকে উদ্ধার করবে এবং তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো পক্ষকে দোষী সাব্যস্ত না করে শিশুটির নিরাপত্তা ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।শিশুর নিরাপত্তা নিশ্চিত করা শুধু পরিবারের নয়, সমাজ ও রাষ্ট্রেরও দায়িত্ব।

এই বিভাগের আরও খবর

Back to top button