অভিযোগ

হানারচরে প্রবাসীর ঘরে সিদ কেটে দুর্ধর্ষ চুরি।

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মমিন গাজী বাড়িতে প্রবাসী মানিক গাজীর বসতঘরে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ চুরির ঘটনা। মঙ্গলবার ভোররাতে দুর্বৃত্তরা ঘরের পেছনের অংশে সিদ কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকাকালে চোরেরা কৌশলে ঘরে প্রবেশ করে। একপর্যায়ে পরিবারের এক সদস্যের গলা থেকে স্বর্ণের চেইন টান দিলে তার ঘুম ভেঙে যায়।পরে ঘরের ভেতরে অস্বাভাবিক পরিস্থিতি দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘরের পেছনে সিদ কাটা এবং বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে তারা চুরির বিষয়টি নিশ্চিত হন। চুরির ঘটনায় পরিবারের সদস্যদের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। দীর্ঘদিনের কষ্টার্জিত সম্পদ হারিয়ে প্রবাসী মানিক গাজীর পরিবার দিশেহারা হয়ে পড়েছে বলে জানান স্বজনরা।ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সম্প্রতি এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। রাতের বেলায় অপরাধীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেন। এলাকাবাসী দ্রুত জড়িত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার জানায়, চুরির ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ প্রশাসন দ্রুত তদন্ত করে চোরদের গ্রেফতার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করছেন তারা।

এই বিভাগের আরও খবর

Back to top button