

মোঃ রাসেল সবুজ জেলা প্রতিনিধি ভোলাঃ
ভোলা জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড তাজুল মেম্বার বাড়ির দরজার কমিউনিটি ক্লিনিকে দীর্ঘদিন ধরে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী বিশেষ কোনো সরকারি নিষেধাজ্ঞা ছাড়া প্রতি শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ক্লিনিক খোলা রেখে গ্রামের হতদরিদ্র ও অসহায় রোগীদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়মিত নির্ধারিত সময় অনুযায়ী ক্লিনিকে উপস্থিত থাকেন না। অনেক সময় সকাল ১১টার দিকে এসে মাত্র এক ঘণ্টা কার্যক্রম চালিয়ে দুপুর ১২টা থেকে ১টার মধ্যেই ক্লিনিক বন্ধ করে চলে যান। ফলে দূরদূরান্ত থেকে আসা রোগীরা সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, নির্ধারিত সময়েও অনেক সময় ক্লিনিক বন্ধ পাওয়া যায়। এতে রোগীরা মনে করেন, গিয়ে কোনো লাভ নেই—চিকিৎসক থাকবেন না। ফলে দরিদ্র জনগোষ্ঠী প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উম্মে কুলসুমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি যখন খুশি আসবো, যখন খুশি যাবো—এ বিষয়ে আপনাকে কিছু বলার নেই। পাশাপাশি তিনি দাবি করেন, সরকারিভাবে পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা হয় না। এছাড়া ক্লিনিকের বিদ্যুৎ বিলও তাকে ব্যক্তিগতভাবে পরিশোধ করতে হয় বলেও উল্লেখ করেন তিনি। তবে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা বলছেন, কমিউনিটি ক্লিনিক গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। নিয়মিত সেবা নিশ্চিত না হলে সরকারের স্বাস্থ্যখাতের সাফল্য ব্যাহত হবে এবং সাধারণ মানুষের আস্থা নষ্ট হবে। তাই বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন দক্ষিণ জয়নগর ইউনিয়নের সচেতন মহল, যাতে কমিউনিটি ক্লিনিকটি নির্ধারিত সময় অনুযায়ী চালু রেখে গ্রামের সাধারণ মানুষকে নিয়মিত চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত করা যায়।










