

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়নের বাগপাড়া গ্রামের চরাঞ্চলের একটি জনপদে দীর্ঘদিন থেকে খোলা আকাশের নিচে নামাজ পড়ছেন মুসুল্লিরা। বিভিন্ন জনের কাছে ধন্না ধরেও মাথা গোজার ঠাই হয়নি মুসুল্লিদের। তাই নিভৃতে এমন ভোগান্তি নিয়েই সৃষ্টিকর্তার পাচ ওয়াক্ত নামাজ আদায় করে যাচ্ছেন এ অঞ্চলের বাসিন্দারা। সরেজমিনে দেখা গেছে, মাথার উপর তপ্ত রোদ আর বালু মাড়িয়ে শুক্রবারের নামায আদায়ে একত্র হচ্ছে মুসুল্লিরা। কিন্তু যেখানে নামায পড়বেন সেখানে ঘর নেই। খোলা আকাশের নিচেই পড়তে হবে নামায। ছোট ছোট কোমলমতি বাচ্ছারাও কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান স্থানীয়রা। নামাজ পড়তে আসা একজন মুসুল্লি মতিন মিয়া বলেন, একটি মসজিদের জন্য অনেক চেষ্টা করছি। পারছি না। একটি মসজিদ খুবই দরকার। অপর একজন মুসুল্লি বরকত আলী বলেন, আমাদের বাচ্চারাও কোরআন শিখতে পারছে না। ষাটোর্ধ্ব একজন বৃদ্ধ বলেন, এখানে এক সময় মসজিদ ছিল। নদীতে সব বিলীন হইছে। এহন আবার চর পড়ছে, বসতি হইছে। কিন্তু মসজিদ দিব কেরা!। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন জানান, বিষয়টি জানার চেষ্টা করছি। এবিষয়ে দরখাস্ত পেলে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো। সরকারি বা কোনো বিত্তবান মানুষ যদি এগিয়ে আসতেন, তবে এই চরের মানুষগুলো একটু মাথা গোঁজার ঠাঁই পেত। তারা বিশ্বাস করেন, একদিন হয়তো এখানে মিনারের আজান ধ্বনিত হবে এবং রোদ-বৃষ্টির ভয় ছাড়াই তারা সেজদায় লুটিয়ে পড়তে পারবেন।










