সাতক্ষীরা

দেবহাটায় নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা।

শেখ ফারুক হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার দেবহাটায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় পারুলিয়া সাহিত্য পরিষদের কার্যালয়ে দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের উদ্যোগে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও কবি শেখ হাবিবুল বাশারের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কবি নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক মো. বাহাউদ্দীন, অদুদ মোল্লা, প্রভাষক মো. ইউসুফ বিপ্লব, প্রভাষক রাজু আহমেদ, সাংবাদিক হাফেজ জি এম আব্বাসউদ্দীন, রফিকুল ইসলাম ও হাসিনা মেম্বার। সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর লেখনীতে অন্যায়, শোষণ, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও স্বাধীনতার চেতনা গভীরভাবে ফুটে উঠেছে। নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য ও জীবনদর্শন তুলে ধরতে তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকীসহ বিভিন্ন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলোচনা সভায় উপস্থিত কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা নজরুলের সাহিত্যকর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় স্বরচিত কবিতা পাঠ করেন ডাক্তার সালাক রেজা, আব্দুল্লাহ আল মামুন, কবির হোসেন রিপন, কানাইলাল, বাসনা কুমার মণ্ডল, আসমা, ডা. আইয়ূব হোসেনসহ অনেকে। সভায় আগামী ২৯ আগস্ট ২০২৬ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ নজরুল জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানে কবির জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন রাখার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া সভায় সিদ্ধান্ত হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা মিলন সাহা।প্রস্তুতিমূলক সভায় আয়োজকরা জানান, জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি সুন্দর, সুশৃঙ্খল ও তাৎপর্যপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা সাহিত্য পরিষদের সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সভায় প্রধান অতিথিসহ উপস্থিত বক্তারা সংগঠনের সকল সদস্যকে আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে অনুষ্ঠান সফল করার আহ্বান জানান।নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে সভায় উপস্থিত কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীরা আসন্ন অনুষ্ঠানটি সফল করার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button