গণমাধ্যম

রাজশাহী প্রেসক্লাব সভাপতির জানাজা সম্পন্ন, অংশ নিলেন রাসিক প্রশাসক।

মো. আলাউদ্দীন মন্ডল, রাজশাহীঃ
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক মরহুম সাইদুর রহমানের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। সোমবার বাদ আসর রাজশাহীর ঐতিহাসিক হযরত শাহ মখদুম রূপোস (রহ.) দরগা মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে রাজশাহীর সাংবাদিক, রাজনীতিক, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।জানাজার নামাজে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এছাড়া মরহুমের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নিয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। জানাজা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন মরহুম সাইদুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বক্তব্যে তিনি সাংবাদিকতা অঙ্গনে মরহুমের দীর্ঘদিনের অবদান ও কর্মজীবনের বিভিন্ন দিক শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা বলেন, একজন প্রবীণ সাংবাদিক হিসেবে তিনি দীর্ঘ সময় ধরে সংবাদ সংগ্রহ, পরিবেশন এবং পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে সাংবাদিকতা অঙ্গনে ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ সহকর্মী ও অভিভাবকতুল্য ব্যক্তিকে হারাল।জানাজায় অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ কঠিন সময়ে ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। জানাজার নামাজ শেষে মরহুম সাইদুর রহমানের মরদেহ রাজশাহী নগরীর হেতমখাঁ গোরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক সমাজ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী মহল গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button