সাতক্ষীরা

সাতক্ষীরায় মানববন্ধন: বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তি ও জামিন বাতিলের দাবি।

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারাধীন একাধিক হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক মামলার দ্রুত নিষ্পত্তি, সংশ্লিষ্ট আসামিদের জামিন বাতিল এবং আদালতের রায়ের ভিত্তিতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ‘কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন হত্যা মামলার আসামি ইয়ার আলী, বাহার আলী ও রেজাউল করিমের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, জমি দখল, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিনেও এসব মামলার বিচার শেষ না হওয়ায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে তারা দাবি করেন। বক্তাদের ভাষ্য অনুযায়ী, ইয়ার আলীর বিরুদ্ধে ৩৫টি, বাহার আলীর বিরুদ্ধে ৩১টি এবং রেজাউল করিমের বিরুদ্ধে ৪১টি মামলা বিচারাধীন রয়েছে। তারা দাবি করেন, জামিনে মুক্ত হয়ে অভিযুক্তরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করছেন। তাই তাদের জামিন বাতিল করে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানানো হয়।
মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, অভিযুক্তদের সহযোগী হিসেবে হাফিজুর রহমান ওরফে‘টেমি হাফিজ’, মাসুরা বেগম, আনিসুর, রাজগুল ও পলাশের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিও জানান বক্তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। কর্মসূচি থেকে বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি, প্রয়োজন হলে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার এবং আদালতের রায়ের যথাযথ বাস্তবায়নের দাবি জানানো হয়।এদিকে একই দিনে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ সাতক্ষীরা শহর ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযুক্তদের ছবি ও মামলার তথ্যসংবলিত পোস্টার সাঁটানো হয়।পোস্টারেও দ্রুত বিচার ও আইনানুগ সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।মানববন্ধনের সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে আইনের শাসনের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে এবং কালিগঞ্জসহ পুরো এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও বিচার বিভাগের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

এই বিভাগের আরও খবর

Back to top button