

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের ১নং ওয়ার্ডের গাজীনগর এলাকায় দীর্ঘদিন ধরে নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজারের মাধ্যমে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের পর এবার সরাসরি নদীর পাড় কেটে বালু উত্তোলনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় একটি প্রভাবশালী কুচক্রী মহলের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে, যা নিয়ে এলাকাজুড়ে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। ঘটনার তৃতীয় দিন বৃহস্পতিবার (সকাল ১০টা) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল চোকদার। এ সময় পানি সম্পদ ও বিদ্যুৎ উন্নয়ন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য পারভেজ হাওলাদার, ১নং ওয়ার্ড ইউপি সদস্য মমিন দালাল, হাইমচর উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ কবিরাজসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ। এ সময় বক্তারা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র নদীর বিভিন্ন স্থানে গভীর রাতে ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে এবং তা বিভিন্ন এলাকায় বিক্রি করছে। এবার তারা আরও বেপরোয়া হয়ে সরাসরি নদীর পাড় কেটে বালু উত্তোলন শুরু করেছে, যা নদীভাঙনের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে নদীর পাড় ভেঙে বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। তারা ক্ষতিগ্রস্ত স্থানটি জরুরি ভিত্তিতে মেরামত ও টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং জনপ্রতিনিধিদের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর নজরদারি জোরদার করারও দাবি তোলেন তারা। ঘটনার সময় ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন, যা এ ঘটনার প্রতি জনসাধারণের গভীর উদ্বেগেরই প্রতিফলন।








