

শেখ ফারুক হোসেন, বিশেষ প্রতিনিধি:
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জাতীয়তাবাদী মহিলা দলের সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী মহিলা দলের ভূমিকা চিরস্মরণীয়। দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের যে সংগ্রাম চলছে, তাতে নারীদের অংশগ্রহণ ও ত্যাগ অনন্য। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনাকে বুকে ধারণ করে আগামী দিনেও সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন।
বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী মহিলা দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে। নারীদের অধিকার রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। সভায় আরও বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা ও সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া। এছাড়া উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা মহিলা দলের সভানেত্রী ঝরনা খাতুন, তালা উপজেলা সভানেত্রী মেহেরুন্নেসা মিনি, আশাশুনি উপজেলা সভানেত্রী কামরুন নাহার কছি এবং দেবহাটা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা খাতুন। এ সময় জেলা, পৌর ও বিভিন্ন উপজেলা থেকে আগত মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিশাল ও বর্ণাঢ্য র্যালি শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে শেষ হয়।










