পটুয়াখালী

দুমকী উপজেলা যুবদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে পদ বঞ্চিতদের মানববন্ধন।

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কমিটিতে অযোগ্য এবং বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সক্রিয় নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ও কমিটি বাতিলে দাবীতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় দুমকী নতুন বাজার এলাকায় উপজেলা যুবদলের সর্বস্তরের বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন দুমকী উপজেলা যুবদলের সাবেক আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহবায়ক শামিম হাওলাদার, যুগ্ম আহ্বায়ক শহীদ সরদার প্রমুখ। বক্তব্যে জসিম উদ্দিন হাওলাদার বলেন, “যাঁরা বিগত দিনে আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন না এবং অন্য রাজনৈতিক দল থেকে সুবিধা নিয়েছেন, তাঁদের দিয়ে যুবদলের কমিটি গঠন সাধারণ নেতাকর্মীরা কোনোভাবেই মেনে নেবে না। কেন্দ্র ও জেলা নেতৃত্বের প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা অবিলম্বে এ বিতর্কিত সিদ্ধান্ত পুনর্বিবেচনার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় যে কোন কর্মসূচি পালন করতে আমরা প্রস্তুত আছি। কেন্দ্র কমিটির সভাপতি সাধারন সম্পাদককে উদ্দেশ্য করে তিনি আরও বলেন প্রয়োজনে ৫বছর আমরা দুমকির রাজপথে আন্দোলন করে যাবো, তবুও এ অযোগ্য কমিটিকে দুমকিতে কার্যক্রম করতে দিবো না।
সাবেক ​যুগ্ম আহ্বায়ক শহীদ সরদার তাঁর বক্তব্যে বলেন, কমিটি ঘোষনা দেওয়ার পর থেকে আজ পর্যন্ত দুমকি সদরে কোন কার্যক্রম পরিচালনা করতে পারে নাই, আর কোন দিন পারবেও না। তাই তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টিআকর্ষন করে বলেন “তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে যাকে বা যাদের আপনারা প্রতিনিধি নির্বাচন করবেন, আমরা তাঁদেরকেই সাদরে মেনে নেব। কিন্তু কোনো ফ্যাসিস্টের দোসর বা অযোগ্য ব্যক্তির স্থান যুবদলে হতে পারে না। মানববন্ধনে উপস্থিত বক্তারা অনতিবিলম্বে ঘোষিত বিতর্কিত কমিটি বাতিল করে রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি পুনর্গঠনের জন্য কেন্দ্রীয় ও জেলা যুবদলের ঊর্ধ্বতন নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে উপজেলা যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এই বিভাগের আরও খবর

Back to top button