জামালপুর

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে জেলে পরিবারের উপর হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ।

জামালপুর সংবাদদাতাঃ
জামালপুর সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে নিরীহ জেলে পরিবারের উপর হামলা, ঘরবাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাত ২ টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাতের বেলায় আকস্মিক এমন হামলায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপত্তা দাবি করেছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, ভাটারা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে শফিকুল ইসলাম (৫৬) এর সাথে পাশ্ববর্তী মৃত আব্দুল করিম ব্যাপারীর ছেলে সাদ্দাম হোসেন (৩৫) এর সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলতেছিলো। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে  জমি সংক্রান্ত বিরোধের জেরে গভীর রাতে লোকজন নিয়ে জেলে পরিবার শফিকুলের বাড়ীতে হামলা চালায়। এসময় হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর করে এবং পরবর্তীতে আগুন ধরিয়ে দেয়। ফলে ঘরবাড়ি ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসময় জেলে পরিবারের আব্দুল গনি (৬০), রওশনারা (৬৫) এবং মুমতাজ উদ্দিন (৪০) আহত হয়। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় রবিবার দুপুরে ২১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫-৩০ জন উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শফিকুল। 

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত শফিকুল ইসলাম বলেন, আমার জমি নিয়ে বিরোধ ছিলো। যা আদালতে মামলায় আমার পক্ষে রায় হয়। এরপর থেকেই আমি এ জমিতে বাড়ী-ঘর নির্মান করে বসবাস করতেছি । শনিবার রাত ২ টার দিকে হঠাৎ আমার বাড়ীতে শতাধিক লোকজন নিয়ে এসে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ বিষয়ে অভিযুক্ত সাদ্দাম হোসেন ও অন্যান্যদের বাড়িতে এ বিষয়ে জানতে চাইতে গেলে বাড়িতে কাউকে না পাওয়ায় উক্ত বিষয়ে তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই বলেন রাত্রে সাদ্দাম সহ অনেকেই এই হামলা ও লুটপাট এবং অগ্নি সংযোগের ঘটনা ঘটায় এবং বলে যায় উক্ত বিষয়ে কোনো পদক্ষেপ নিলে তাকে জানে শেষ করে দিবে। এছাড়া আরো একাধিকবার সাদ্দামের বিষয়ে বিভিন্ন অনৈতিক অভিযোগ ও সন্ত্রাসী কায়দায় বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। উক্ত বিষয়ে সরেজমিনে গিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর

Back to top button