শিক্ষা

১২ বছরের প্রিয় শিক্ষককে অশ্রুসজল বিদায় জানাল উত্তর চর আবাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ডেক্স রিপোর্টঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১ নং উত্তর চর আবাবিল ইউনিয়নের ১ নং ওয়ার্ডে অবস্থিত উত্তর চর আবাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ১২ বছর সহকারী শিক্ষক হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন শিক্ষক মোঃ আবুল কালাম। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আবেগঘন বিদায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ স্কুলের সকলেই অশ্রুসিক্ত নয়নে তাকে শেষবারের মতো দোয়া ও ভালোবাসা জানিয়ে বিদায় জানায়। শিক্ষক আবুল কালামের দীর্ঘ শিক্ষকতা জীবনে বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো স্নেহ-মমতা দিয়ে পড়াশোনায় মনোযোগী করে তোলার বিশেষ ভূমিকা ছিল। তার আন্তরিকতা, আচরণ ও মানবিক গুণে তিনি বিদ্যালয়ের সবার কাছে হয়ে উঠেছিলেন অত্যন্ত প্রিয় একজন শিক্ষক। তাই তাকে বিদায় জানাতে গিয়ে ছাত্র-ছাত্রীরা আবেগে ভেঙে পড়ে, অনেকে কান্নায় বুক ভাসিয়ে প্রিয় শিক্ষককে ধরে রাখার আকুতি জানায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুতুল রানী সরকার, সহকারী শিক্ষক মোছাম্মৎ কুলসুমা, অপন মাস্টার, মোছাম্মৎ মুর্শিদা ও শিমু আক্তারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা। সবাই তার কর্মময় জীবনের স্মৃতিচারণা করে বলেন—মোঃ আবুল কালামের মতো সৎ, নিষ্ঠাবান ও আদর্শবান শিক্ষক বিদ্যালয়ের জন্য এক অনন্য সম্পদ ছিলেন। বিদায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে প্রিয় শিক্ষককে ক্রেস্ট ও বিভিন্ন স্মারক উপহার প্রদান করা হয়। উপহার গ্রহণের সময় শিক্ষক আবুল কালাম আবেগঘন কণ্ঠে বলেন, এই বিদ্যালয়, এই শিশুরা, এই পরিবারের মতো পরিবেশ সবসময় আমার হৃদয়ে গেঁথে থাকবে। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। অবশেষে দোয়া-মাহফিল ও স্মৃতিচারণ শেষে বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। তার বিদায়ে বিদ্যালয় পরিবারে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়—এমন মন্তব্যই করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এই বিভাগের আরও খবর

Back to top button