শিক্ষা

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়: ধারাবাহিক সাফল্যে নতুন মাইলফলক।

বিস্তারিত সংবাদঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এ চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়। দীর্ঘদিন ধরে পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল, সহপাঠ্যক্রমিক কার্যক্রমে দক্ষতা এবং সামগ্রিক শিক্ষার পরিবেশে ইতিবাচক পরিবর্তন এনে প্রতিষ্ঠানটি এ সম্মান অর্জন করেছে। সোমবার (১২ মার্চ) জেলা শিক্ষা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে শিক্ষা অফিসের তত্ত্বাবধানে নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়কে চাঁদপুরের ৮টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়। এর আগে উপজেলা পর্যায়ে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে বাছাই করে পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে চূড়ান্ত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচনের মানদণ্ড প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফারকুল ইসলাম জানান, পাবলিক পরীক্ষার ফলাফল, শিক্ষক–শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষকদের যোগ্যতা, পাঠদানের পদ্ধতি, খেলাধুলায় নৈপুণ্য, সুপেয় পানির ব্যবস্থা, স্কাউট ও গার্লস গাইড কার্যক্রম, সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ, জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন—এসব সূচকে ভালো অবস্থান নিশ্চিত করলেই একটি প্রতিষ্ঠান জেলা শ্রেষ্ঠ হওয়ার সুযোগ পায়। পাশাপাশি মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ ও ই-লার্নিংয়ের মতো আধুনিক শিক্ষাব্যবস্থাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার অনুভূতি ব্যক্ত করে তিনি আরও বলেন,আমি চাই জেলার সব বিদ্যালয় এভাবে এগিয়ে আসুক। একজনের পথচলা দেখে অন্যরা উদ্বুদ্ধ হলে এই প্রতিযোগিতার সত্যিকার সার্থকতা পাওয়া যাবে। আমার বিদ্যালয়ের সাফল্যের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা কাজ করেছে। তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯২৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি মেঘনা নদীর ভাঙনে সাতবার স্থানান্তরের কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। বর্তমানে এটি হাইমচর উপজেলার জনতা বাজারের পূর্ব পাশে স্থায়ীভাবে অবস্থান করছে এবং এলাকার শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে।জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এক নতুন অনুপ্রেরণা যোগ করেছে।এখন তাদের লক্ষ্য বিভাগীয় পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা।

এই বিভাগের আরও খবর

Back to top button