রাজশাহী

মোহনপুরে সার বিতরণ কার্যক্রমে অনিয়মের অভিযোগ: অপ্রাপ্তবয়স্কদের ভিড়, ভাড়া করে লাইন করানোর দাবি।

মোঃ আলাউদ্দীন মন্ডল​ রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল বাজারে বিসিআইসি (BCIC) অনুমোদিত সার ডিলার ‘মেসার্স আলহেরা ট্রেডার্স’-এর বিরুদ্ধে সার বিতরণ কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত কৃষকদের বাদ দিয়ে লাইনে ১৬ থেকে ২০ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক ছেলেদের দাঁড় করিয়ে সার উত্তোলনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

​মঙ্গলবার (১৭ নভেম্বর) সরেজমিন ধুরইল বাজার ডিলারের দোকানে গিয়ে এ চিত্র দেখা যায়।

​জানা গেছে, রবি শস্য ও আলু চাষের ভরা মৌসুমে সারের চাহিদা মেটাতে সকাল থেকেই ডিলারের দোকানে ভিড় জমান স্থানীয় কৃষকরা। তবে লাইনে দাঁড়িয়ে থাকা অনেক কিশোর ও যুবকের বয়স এবং পেশা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে। উপস্থিত সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, প্রকৃত কৃষকদের অনেকেই সার না পেয়ে ফিরে যাচ্ছেন, অন্যদিকে কিছু ব্যক্তি অর্থের বিনিময়ে বা ভাড়া করে কিশোর ও তরুণদের লাইনে দাঁড় করিয়ে ডিলারের কাছ থেকে সার সংগ্রহ করছেন।

​সার নিতে আসা উপজেলার ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের কৃষক তরিকুল ও মাসুদ রানা জানান, বর্তমানে রবি শস্য ও আলু চাষের জন্য সারের অত্যন্ত প্রয়োজন। কিন্তু ডিলারের দোকানে বিশৃঙ্খল পরিবেশের কারণে প্রকৃত কৃষকরা সহজে সার পাচ্ছেন না।

​এ বিষয়ে ধুরইল বাজারের ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স আলহেরা ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী মোছাঃ হাজেরা বেগম ও সংশ্লিষ্টদের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

​সার ডিস্ট্রিবিউশনে শৃঙ্খলা বজায় রাখা ও অনিয়ম রোধের বিষয়ে মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফারুক হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, আমি গতকাল যারা সার নিতে এসেছিলেন, তাদের এনআইডি (জাতীয় পরিচয়পত্র) ও আইডি কার্ড ভালোভাবে যাচাই-বাছাই সাপেক্ষে সার দেওয়ার জন্য কঠোর নির্দেশ দিয়েছি।

​এদিকে কৃষি বিভাগ সূত্রে জানানো হয়েছে, দেশে পর্যাপ্ত পরিমাণে সারের মজুদ ও উৎপাদন রয়েছে। সারের কোনো কৃত্রিম সংকট নেই। তবুও কিছু অসাধু চক্রের কারণে প্রান্তিক কৃষকরা হয়রানির শিকার হচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ। দ্রুত এ বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষকরা।

এই বিভাগের আরও খবর

Back to top button