মাদকমুক্ত ও সুস্থ শৈশব গড়ার অঙ্গীকার: রাজশাহী তায়কোয়ানডো একাডেমীতে যুক্ত হলো বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতির দুই সন্তান।


আলাউদ্দীন মন্ডল রাজশাহী প্রতিনিধিঃ
শহরের যান্ত্রিক ও ইট-পাথরের বন্দী জীবন থেকে কোমলমতি শিশুদের মুক্ত রেখে সুস্থ শৈশব, খেলাধুলা এবং আত্মরক্ষার কৌশল শেখার ওপর বিশেষ জোর দিয়েছেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম। পড়াশোনার পাশাপাশি শিশুদের শারীরিক সুস্থতা ও মানসিক দৃঢ়তা অর্জনের লক্ষ্যে তিনি তার দুই সন্তানকে (ছেলে ও মেয়ে) যুক্ত করেছেন ‘রাজশাহী তায়কোয়ানডো একাডেমী’-তে।
বর্তমান সময়ে অতিরিক্ত স্ক্রিনটাইম বা স্মার্টফোনের আসক্তি এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে খেলাধুলা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই বলে মনে করেন এই অভিভাবক ও সংবাদকর্মী। তার মতে, তায়কোয়ানডোর মতো শারীরিক অনুশীলন কেবল একটি শখ নয়, এটি আত্মরক্ষার কৌশল শেখার পাশাপাশি শিশুদের মাঝে শৃঙ্খলা, মনোবল ও আত্মবিশ্বাস তৈরি করার মোক্ষম হাতিয়ার।
এ বিষয়ে মোঃ রেজাউল করিম জানান, চার দেয়ালের মাঝে বন্দী রেখে শিশুদের বড় করে তোলা এক প্রকার অদৃশ্য কারাগারের মতো। তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মাঠের খেলাধুলা বা নিয়মিত শরীরচর্চায় সময় কাটানো অত্যন্ত জরুরি।
তিনি দেশের সকল অভিভাবকের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমাদের সন্তানরা যেন স্মার্টফোনের স্ক্রিন বা মাদকের অন্ধকার জগত থেকে দূরে থেকে একটি সুস্থ, সবল ও সুন্দর জীবন গড়ে তুলতে পারে—সেই পরিবেশ আমরাই তৈরি করে দিই। পড়াশোনার পাশাপাশি সন্তানদের খেলাধুলা ও শরীরচর্চায় উৎসাহিত করুন।”
পরিবারের এই মহৎ উদ্যোগের সফলতার জন্য এবং তার দুই সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম।










