

মোঃ নাজমুল হুদা বান্দরবানঃ
বান্দরবানের আলীকদম লামা সড়কের বাসের ধাক্কায় সাজু চক্রবর্তী (৩৫) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে আলীকদম উপজেলার সিবাতলী এলাকায় সড়কের বাকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি কক্সবাজার জেলায় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেলযোগে আলীকদম সদরের দিকে যাচ্ছিলেন পুলিশ সদস্য সাজু চক্রবর্তী। পথিমধ্যে তিনি উপজেলার সিবাতলী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসের সঙ্গে সজোরে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, আলীকদমে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।










