

মোঃ নুরনবী ঠাকুরগাঁও জপ্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের নির্মাণ করা দোকান ঘর দখলের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হকের বিরুদ্ধে। রবিবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনার প্রতিকার চেয়ে মানববন্ধন করেছে সীমান্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। আমজানখোর ইউনিয়ন ভুমি অফিসের পাশে দখল হওয়া দোকানগুলোর সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা দাবি করেন, বিদ্যালয়ের নির্মাণ করা তিনটি পাকা দোকান ঘরে রাতের আধারে এসে টিন ও সাটারিং লাগিয়ে দখল করেছেন ইউনিয়ন যুবদল নেতা মোজাম্মেল হক। স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবগত করার পরেও সমাধান না পেয়ে রাস্তায় নেমেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলী তার বক্তব্যে দাবি করেন, বিদ্যালয়ের নামে জমির মালিকানা সম্পর্কিত সকল কাগজপত্র রয়েছে।আমরাই পাকা ঘরগুলো তুলেছি ভাড়া দেওয়ার জন্য। কয়েকদিন আগে প্রধান শিক্ষক মারা যাওয়ার কারনে ভাড়া দিতে একটু বিলম্ব হয়েছে। এই সুযোগে যুবদল নেতা মোজাম্মেল জমির মালিকানা দাবি করে দোকানঘর গুলো অন্যায় ভাবে দখল করেছে। দখল করা দোকানগুলোতে যুবদল নেতার লাগানো তালা ভেঙে নতুন তালা লাগাচ্ছিল মানববন্ধনে থাকা শিক্ষার্থীরা। এমন সময় ঘটনাস্থলে এসে বাধা দেন যুবদল নেতা মোজাম্মেল।ঘটনাস্থলে সাংবাদিকরা জানতে চাইলে আমজানখোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সাংবাদিকদের নিকট অভিযোগ অস্বীকার করে দাবি করেন, এই জমির মালিক তিনি, তার কাছে মালিকানা সম্পর্কিত কাগজপত্র রয়েছে। স্থানীয় ভাবে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।










