

মোঃ নুরনবী, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মাছখুরিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী, মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক মোঃ জাহিদুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।সোমবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতেই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ জাহিদুর রহমানের দীর্ঘ কর্মজীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ আবু হায়াত নুরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ।এছাড়াও উপস্থিত ছিলেন ১নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, সুধীজন এবং বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, মোঃ জাহিদুর রহমান দীর্ঘ বছর সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা পেশায় অবদান রেখে অসংখ্য শিক্ষার্থী গড়ে তুলেছেন। তাঁর আদর্শ ও শিক্ষাদান পদ্ধতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে এসএসসি পরীক্ষার্থী ও মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক মতিউর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ মকবুল হোসেন (বিএসি) এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ দুলাল হোসেন ও শ্রী হরি চন্দ্র সিংহ। শেষে অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।










