

কামরুজ্জামান বাবু পোরশা প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নে সাপের কামড়ে মেহেদী হাসান (১৬) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার নিতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ জসিমউদ্দীন ড্রাইভারের দ্বিতীয় সন্তান মেহেদী হাসান শনিবার সন্ধ্যা প্রায় সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের খোঁয়াড়ে ঢেকে রাখা খড় বা অন্যান্য জিনিস আনতে গেলে হঠাৎ একটি বিষধর সাপ তাকে দংশন করে। সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকস্মিক এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের মাতম। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সাবেক মেম্বার মোঃ আশরাফুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে বাড়ির পাশেই কাজ করতে গিয়ে সাপের কামড়ে মেহেদী গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, অকালেই এক তরতাজা কিশোরের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, মেহেদী হাসান খুবই শান্ত ও ভদ্র স্বভাবের ছিল। তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে। স্থানীয়রা গ্রামীণ এলাকায় সাপের উপদ্রব কমাতে সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।










