অভিযোগ

ফুলছড়িতে বিএনপি নেতার বাড়িতে সশস্ত্র হামলা, ভাঙচুর—আহত ১৩, আতঙ্কে পরিবার।

আমিনুল ইসলাম মিঠু গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জাসাসের এক নেতার বাড়িতে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা, ব্যাপক ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে এবং নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার।অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ বিকেলে ফুলছড়ি ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের বাড়িতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। স্থানীয়দের দাবি, একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি সশস্ত্র দল অতর্কিতভাবে বাড়িতে হামলা চালায়। ভুক্তভোগী পরিবারের ভাষ্য, বাড়িতে পুরুষ সদস্য কম থাকার সুযোগ নিয়ে হামলার পরিকল্পনা করা হয়েছিল। হামলাকারীরা বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং পরিস্থিতি অনুকূলে পেলে আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করে। তবে স্থানীয় লোকজন দ্রুত জড়ো হওয়ায় তারা আগুন দিতে ব্যর্থ হয়ে পড়ে। হামলার সময় ফরহাদ হোসেনের বাবা জামাল বাদশাসহ অন্তত ১৩ জনকে লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, এ হামলার পেছনে প্রভাবশালী মহলের মদদ থাকতে পারে। তাদের দাবি, পূর্বপরিকল্পিতভাবে ভয়ভীতি প্রদর্শন ও এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যেই এই নৃশংস হামলা চালানো হয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, দ্রুত নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় না আনলে ভবিষ্যতে আরও বড় ধরনের সহিংসতা ঘটতে পারে। তারা প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন। এদিকে, নিরাপত্তাহীনতায় ভুগছে ফরহাদ হোসেনের পরিবার। যেকোনো সময় পুনরায় হামলার আশঙ্কায় তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। পরিবারের পক্ষ থেকে দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। ফুলছড়ি থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় ফরহাদ হোসেন বাদী হয়ে ৫১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তবে অভিযুক্তদের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর

Back to top button