মাদক

মুন্সীগঞ্জে ১১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জঃ
​মুন্সীগঞ্জ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আলাল ওরফে আলাউদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ​গত ১২ জুলাই, ২০২৬ তারিখ দুপুরে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর নির্দেশনায় মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই (নিঃ) আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি বিশেষ দল লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা কাঁচা বাজারের পশ্চিম পাশে অবস্থিত মর্জিনা বেগমের টেইলারি দোকানে অভিযান চালায়। দোকানটির ভেতর একটি চৌকির ওপর রাখা তোষকের নিচ থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা উক্ত মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আলাল ওই এলাকার পাগলা চাঁনের ছেলে। এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র জানান, ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে তাদের এই‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে চলমান এই অভিযান আগামীতে আরও কঠোর করা হবে।
​জেলা পুলিশ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে, যেকোনো অপরাধ ও অপরাধী সম্পর্কিত তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে এবং মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা গ্রহণ করতে।

এই বিভাগের আরও খবর

Back to top button