

কামরুজ্জামান বাবু পোরশা প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে ছাগী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় পোরশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সুফলভোগী পরিবারের মাঝে এসব ছাগী বিতরণ করা হয়। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের স্বাবলম্বিতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ছাগী তুলে দেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম। তিনি বলেন, সরকার প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ভেটেরিনারি সার্জন (ভি.এস.) ডাঃ মোঃ আব্দুল আজিজ, ডাঃ গোলাপ হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ পর্যায়ে উপজেলার মোট ৩২০টি পরিবারের মাঝে ছাগী বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো ছাগল পালন করে বাড়তি আয় করতে পারবে এবং তাদের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। স্থানীয়রা জানান, সরকারের এমন উদ্যোগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলোর জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।










