নওগাঁ

বদলগাছীতে উত্তরা আলুর হিমাগার ও আলু স্টোরের অনিয়ম ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে কৃষক-ব্যবসায়ীদের মানববন্ধন।

আব্দুল আজিজ, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর এলাকায় উত্তরা আলুর হিমাগার বা আলু স্টোরে অনিয়ম ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ভুক্তভোগী কৃষক ও আলু ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার পাহাড়পুরের চাঁপাডাল এলাকায় আয়োজিত এই মানববন্ধনে এলাকার শত শত কৃষক ও আলু ব্যবসায়ী অংশ নেন। মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, আলুর হিমাগার ও আলু স্টোরে আলু সংরক্ষণের ক্ষেত্রে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এর ফলে সাধারণ কৃষকদের উৎপাদন খরচ বহুগুণ বেড়ে যাচ্ছে এবং ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। অবিলম্বে সরকারি নির্ধারিত ভাড়ায় আলু সংরক্ষণ নিশ্চিত করা এবং কোল্ড স্টোরেজের সব ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের কঠোর ও কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।এর আগে গত বুধবার একই অভিযোগে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির নেতৃত্বে উত্তরা কোল্ড স্টোরেজে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে, ভবিষ্যতে কৃষকদের কাছ থেকে সরকারি নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনো টাকা আদায় না করার জন্য কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানালেও কৃষক ও ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, নিয়মিত নজরদারি না থাকলে কর্তৃপক্ষ পুনরায় অতিরিক্ত ভাড়া আদায় শুরু করতে পারে। তাই উত্তরা আলুর হিমাগারসহ এলাকার প্রতিটি আলু স্টোরে প্রশাসনের নজরদারি অব্যাহত রাখার জোরালো দাবি জানিয়েছেন তারা।

এই বিভাগের আরও খবর

Back to top button