

মোঃ গোলাম রব্বানী ফটো সাংবাদিক ধুনট বগুড়াঃ
বগুড়ার ধুনট উপজেলার পূর্বগুয়াডহরী-কুটিরঘাট গ্রামের মেধাবী কলেজছাত্র সুফল কুমার (২০) বর্তমানে এক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে তার পড়াশোনা ও পরিবারের হাল ধরার স্বপ্ন আজ বাধাগ্রস্ত। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা, যা তার দরিদ্র পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। গোসাইবাড়ি ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র সুফল কুমার। স্বপ্ন দেখতেন পড়াশোনা শেষ করে বাবার সংসারের হাল ধরবেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। কিন্তু প্রায় দুই বছর ধরে শরীরে নানান উপসর্গ দেখা দেওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে পরীক্ষায় তার ব্রেইন টিউমার ধরা পড়ে।
চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে অপারেশন ও উন্নত চিকিৎসা দেওয়া হলে সুফল সুস্থ হয়ে উঠতে পারবেন। তবে এই চিকিৎসার জন্য যে বিপুল অঙ্কের অর্থের প্রয়োজন, তা জোগাড় করতে পারছে না তার পরিবার। সুফল কুমারের বাবা মদন চন্দ্র পেশায় একজন সাধারণ মুদি দোকানদার। ছোট্ট এই দোকানের সামান্য আয় দিয়ে কোনোমতে চলে তাদের অভাব-অনটনের সংসার। এমন পরিস্থিতিতে ছেলের চিকিৎসার জন্য এত বড় অঙ্কের টাকা জোগাড় করা তার পক্ষে অসম্ভব।
অসহায় বাবা মদন চন্দ্র তাই সমাজের বিত্তবান ও মানবিক মানুষগুলোর কাছে হাত পেতেছেন। ছেলের জীবন বাঁচাতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। মেধাবী সুফল কুমারের জীবন বাঁচাতে এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আপনার সামান্য সাহায্যও হতে পারে বড় অবলম্বন। সুফল কুমারের চিকিৎসায় সহযোগিতা করতে তাঁর পরিবারের সাথে যোগাযোগ করুন অথবা নিচের বিকাশ (পার্সোনাল) নম্বরে আপনার অনুদান পাঠান:বিকাশ (পার্সোনাল) ০১৬১৭৬৪৯৬৩১ আপনার আন্তরিক সহযোগিতা হয়তো সুফল কুমারের জীবন রক্ষা করতে পারে এবং তার স্বপ্ন পূরণের পথ খুলে দিতে পারে।










