

মোঃ আলমগীর হোসেন আসিফঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে আফসানা জেবা ফারিয়া আবেগঘন বক্তব্যে সকল শিক্ষকের নিকট ক্ষমা প্রার্থনা করে দোয়া কামনা করেন এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের সুশিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে জীবনের প্রতিটি ধাপে সততা ও অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের নিয়ম মেনে, সততা বজায় রেখে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার বিষয়ে সতর্ক থাকতে হবে।অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের সার্বিক সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মিলাদ পরিচালনা করা হয়।










