অভিযোগ

দেবিদ্বারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে ইট ভাঙার অভিযোগ, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান।

সালমা আক্তারঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ১৪ নং মহেশপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ব্যক্তিগত কাজে ব্যবহার ও দখল করে ইট ভাঙার অভিযোগ উঠেছে মো. কামাল হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, তাকে না জানিয়েই বিদ্যালয়ের মাঠে ইট এনে রাখা হয়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিকে ইট সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও তিনি তা সরিয়ে নেননি। বরং বিদ্যালয় চলাকালীন সময়ে মাঠে মেশিন দিয়ে কংক্রিট ভাঙার কাজ চালানো হয়। এতে শব্দদূষণ সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।এ ঘটনায় প্রতিকার চেয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বরাবর লিখিত আবেদন করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আবেদনে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ কোনো ব্যক্তির ব্যক্তিগত কাজে ব্যবহার বা দখল করে রাখার সুযোগ নেই। তাহলে কীভাবে মো. কামাল হোসেন বিদ্যালয়ের মাঠে ইট রেখে জায়গাটি ব্যবহার করছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। দ্রুত বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত করার দাবি জানান স্থানীয়রা। এ বিষয়ে দেবিদ্বার উপজেলা শিক্ষা অফিসের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) মোহাম্মদ মোরশেদ আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে তারা একটি লিখিত আবেদন পেয়েছেন। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। অন্যদিকে, অভিযোগের বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। বিদ্যালয়ের মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলা ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখার গুরুত্বপূর্ণ স্থান। তাই দ্রুত মাঠটি দখলমুক্ত করে শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা।

এই বিভাগের আরও খবর

Back to top button