অভিযোগ

ধুনটে জ্বালানি তেল অনিয়ম সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি।

স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে জ্বালানি তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির সংবাদ প্রচার করায় গোলাম রব্বানী নামের এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মামুনুর রশিদ রবিন সরকার নামে এক তেল ডিলারের বিরুদ্ধে। অভিযুক্ত রবিন সরকার গোসাইবাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক গোলাম রব্বানী নিরাপত্তা চেয়ে বুধবার ধুনট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ভুক্তভোগী সাংবাদিক গোলাম রব্বানী জানান, তিনি ২৬ এপ্রিল ‘মানাস মিডিয়া’ নামক ফেসবুক পেজে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। সেখানে দেখা যায়, স্থানীয় গোসাইবাড়ি বাজারে জ্বালানি তেলের ডিলার মামুনুর রশিদ রবিন সরকার সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল ১৪৫ টাকা এবং পেট্রোল ১৭৫ টাকা দরে বিক্রি করছেন। এই অনিয়মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিক রব্বানী গোসাইবাড়ি বাজার থেকে বাসস্টেন দিক দিয়ে যাওয়ার সময় ডিলার রবিন সরকার তাকে পথরোধ করেন। এক পর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এদিকে, বিষয়টি জানার পর ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ওই ডিলারের জ্বালানি তেল বিক্রির কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন।এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সাংবাদিক গোলাম রব্বানীর দেওয়া জিডির বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। তারা অবিলম্বে অভিযুক্ত রবিন সরকারকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button