ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে কষ্টিপাথরের মূর্তি ও ২০০ বছরের পুরোনো স্ট্যাম্পসহ প্রাচীন সামগ্রী আটক।

নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে কষ্টিপাথরের মূর্তি, কষ্টিপাথরের টুকরা, প্রাচীন আমলের মদের খালি বোতল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহৃত প্রায় ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প ও শঙ্খ আটক করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে লক্ষীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারি-এর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল অভিযানটি পরিচালনা করে।
অভিযানে আসামীবিহীন ১টি কষ্টিপাথরের মূর্তি (ওজন ১৪ কেজি ৪০০ গ্রাম), ৩টি কষ্টিপাথরের টুকরা (ওজন ২২ কেজি ১০০ গ্রাম), ২টি প্রাচীন আমলের মদের খালি বোতল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহৃত ২টি অমূল্য স্ট্যাম্প (প্রায় ২০০ বছরের পুরোনো) এবং ১টি শঙ্খ আটক করা হয়।
আটক করা সামগ্রীর মোট ওজন ৩৬ কেজি ৫০০ গ্রাম। বিজিবির হিসাব অনুযায়ী আটক সামগ্রীর সিজার মূল্য ৩৬ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে বিভিন্ন কৌশলী পরিকল্পনার মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি। পাশাপাশি সীমান্তের নিরাপত্তা ও সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button