

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়ন ও ৫নং হাইমচর ইউনিয়নের গুরুত্বপূর্ণ যোগাযোগ সড়ক সাহেবগঞ্জ বাজার থেকে ডিয়ারা বাজার পর্যন্ত ইটের সলিং রাস্তার নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন চাঁদপুর ও হাইমচর সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিনুল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক খান, সহ-সভাপতি মিজানুর রহমান শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী, সহ-সাধারণ সম্পাদক আবু তাহের সরদার ও আব্দুল কুদ্দুছ মেহনতী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল ও আজিজুল হক বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জহির মিয়াজী, ছাত্রদলের সভাপতি ফয়সাল আখন, সাধারণ সম্পাদক মিলাদ মাঝিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। চরাঞ্চলের অবহেলিত জনপদের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সাহেবগঞ্জ বাজার থেকে ডিয়ারা বাজার পর্যন্ত সড়কটি চলাচলের অনুপযোগী ছিল। বর্ষা মৌসুমে কাদামাটি ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হতো।সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, কৃষিপণ্য পরিবহন ব্যয় কমবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। এলাকাবাসী এই উন্নয়ন উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা করেন, চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় চরাঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক প্রকল্পও দ্রুত বাস্তবায়িত হবে। উল্লেখ্য, হাইমচর উপজেলার চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো শক্তিশালীকরণ এবং জনসেবার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সাহেবগঞ্জ-ডিয়ারা সড়কের এই ইটের সলিং নির্মাণকাজ এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।










