উদ্যোগ

হাইমচরের নীলকমলে জ্ঞানের আলোর ব্যাগ বিতরণ: শিক্ষার্থীদের মুখে হাসি।

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুর সদর উপজেলার হাইমচর ৪নং নীলকমল ইউনিয়নের মধ্যচর নেপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন‘জ্ঞানের আলো। ব্যতিক্রমধর্মী এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে এবং পুরো বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসিমা হোসেন ও মোহাম্মদ তাজুল হোসেনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন। জ্ঞানের আলো’ সংগঠনের একঝাঁক প্রাণবন্ত স্বেচ্ছাসেবী সার্বিক সহযোগিতার মাধ্যমে কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করেন। বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রাথমিক স্তর থেকেই শিশুদের শিক্ষা উপকরণ দিয়ে সহায়তা করলে তাদের মাঝে বিদ্যালয়মুখী হওয়ার আগ্রহ বাড়ে এবং ঝরে পড়ার হার কমে। অনেক সময় গ্রামীণ অঞ্চলের অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে পিছিয়ে পড়ে। এমন বাস্তবতায় স্কুল ব্যাগ বিতরণের মতো উদ্যোগ শিক্ষার্থীদের জন্য যেমন সহায়ক, তেমনি অভিভাবকদের জন্যও স্বস্তির। একটি সুন্দর সমাজ ও আলোকিত প্রজন্ম গড়ার লক্ষ্যে ‘জ্ঞানের আলো’ সংগঠনের পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করছেন— আহ্বায়ক: মোহাম্মদ হৃদয় দেওয়ান (কুদ্দুস), যুগ্ম আহ্বায়ক: মোঃ সিয়াম হোসেন, সদস্য সচিব: মোঃ উজ্জ্বল মোল্ল, যুগ্ম সদস্য সচিব: নাজিম উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক: সইজউদ্দীন আহমেদ এবং মাঠ বিষয়ক সম্পাদক: মোছাঃ মারজিয়া আক্তার। সংগঠনের নেতৃবৃন্দ জানান, তাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মুখে হাসি ফোটানো এবং শিক্ষার প্রসারে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া। ভবিষ্যতেও শিক্ষা উপকরণ বিতরণ, সচেতনতামূলক কার্যক্রম ও মানবিক সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা সমাজের বিত্তবান ও সচেতন মহলের সহযোগিতা কামনা করে বলেন, সম্মিলিত উদ্যোগেই একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলা সম্ভব। স্থানীয়রা মনে করেন, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং নতুন প্রজন্মকে শিক্ষামুখী ও স্বপ্নবান করে তোলে। ছোট ছোট সহায়তাই পারে বড় পরিবর্তনের সূচনা করতে— সেই প্রত্যাশায় এগিয়ে চলছে ‘জ্ঞানের আলো’র মতো সংগঠনগুলো।

এই বিভাগের আরও খবর

Back to top button