নির্বাচন

দক্ষিণ আলগীতে গণভোট সচেতনতা বাড়াতে উঠান বৈঠক।

ডেক্স রিপোর্টঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং গণভোটে ভোট প্রদানের নিয়মকানুন সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে চাঁদপুরের হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদে এক প্রচারনামূলক উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাইমচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় জনগণের পাশাপাশি নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।অনুষ্ঠানে ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদারের আব্দুল জলিল মাস্টারের সভাপতিত্বে এবং বিল্লাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সহকারী মৎস্য ও ট্যাগ অফিসার মাহবুবুর রশিদ। তিনি তার বক্তব্যে বলেন, গণভোট ও নির্বাচন প্রক্রিয়ায় জনগণের সচেতন অংশগ্রহণই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মূল ভিত্তি। প্রতিটি ভোটারের উচিত ভোট প্রদানের নিয়ম ভালোভাবে জানা এবং নিজ অধিকার প্রয়োগ করা। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাইমচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা আফরিন। তিনি বলেন, নারীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত হলে পরিবার ও সমাজে ইতিবাচক প্রভাব পড়ে। গণভোটের নিয়ম, ভোটের গোপনীয়তা এবং ভুয়া তথ্য থেকে সতর্ক থাকা আজকের সময়ে অত্যন্ত জরুরি। এ সময় তিনি নারীদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা নুরজাহান রেখা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন বিডি মেঘনা নিউজ ২৪-এর সম্পাদক এস এম পারভেজ, চাঁদপুর সময় পত্রিকার হাইমচর উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন আসিফসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উঠান বৈঠকে অংশগ্রহণকারীরা প্রশ্নোত্তর পর্বে গণভোটের বিভিন্ন দিক নিয়ে মতামত ও জিজ্ঞাসা তুলে ধরেন। বক্তারা সহজ ভাষায় ভোট প্রদানের ধাপ, ব্যালট ব্যবহারের নিয়ম এবং ভোটের গোপনীয়তা রক্ষার বিষয়গুলো ব্যাখ্যা করেন, যা উপস্থিত ভোটারদের মধ্যে আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়ায়।
সভা শেষে আয়োজকরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। এর মাধ্যমে ভোটারদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার হবে এবং একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button