নির্বাচন

লক্ষ্মীপুর-২ আসনে কেন্দ্র পরিদর্শনে বিএনপি প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

লক্ষ্মীপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ভোটকেন্দ্র ঘুরে দেখেন এবং দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।পরিদর্শনকালে আবুল খায়ের ভূঁইয়া বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত হলেই গণতন্ত্র শক্তিশালী হবে। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমি নির্বাচিত হলে লক্ষ্মীপুর-২ আসনের সার্বিক উন্নয়নে কাজ করবো। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করে এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে অগ্রাধিকার দেয়া হবে। তিনি আরও জানান, এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা, গ্রামীণ সড়ক উন্নয়ন, নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ, কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণ তার অঙ্গীকারের অন্যতম অংশ। পাশাপাশি মাদক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, আবুল খায়ের ভূঁইয়ার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। ভোটাররাও বিভিন্ন দাবি-দাওয়া ও প্রত্যাশার কথা প্রার্থীর সামনে তুলে ধরেন। তিনি মনোযোগ সহকারে সেগুলো শোনেন এবং নির্বাচিত হলে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।কেন্দ্র পরিদর্শনকালে আবুল খায়ের ভূঁইয়া নির্বাচন কমিশনের বিধি-বিধান মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের রায়ই হবে চূড়ান্ত রায়। আমি সকলের দোয়া ও সমর্থন কামনা করছি। এদিকে নির্বাচনী এলাকায় তার এই ধারাবাহিক পরিদর্শন ও গণসংযোগ কর্মসূচি রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচার-প্রচারণা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

Back to top button