

ডেক্স রিপোর্টঃ
সারাদেশে গণভোট কবে হবে-এই প্রশ্নকে ঘিরে মধ্যরাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হয়েছে ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টের প্রতিযোগিতা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজেদের অবস্থান স্পষ্ট করে পোস্ট দিচ্ছেন, যা ঘিরে অনলাইন জগতে চলছে উত্তপ্ত আলোচনা। জানা গেছে, নির্বাচনের আগে গণভোট আয়োজন না করার দাবিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফেসবুকে নতুন প্রচারণা শুরু করেছেন। এর বিপরীতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ প্রচারণা চালাচ্ছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নিজের প্রোফাইলে ‘না’ লিখে একটি পোস্ট দিয়েছেন। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেখা গেছে একটি বড়সড় ‘হ্যাঁ’ পোস্ট, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে। এদিকে জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। দ্রুত এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগের তাগিদও দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। এর আগে সকালে, জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন।










