

সিংগাইর মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরের ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লা পাড়া গ্রামের শারফিন মোল্লা হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ১লা (ডিসেম্বর) সোমবার দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে নিহত শারফিন মোল্লার নিজ গ্রাম ফোর্ডনগর মোল্লা পাড়ার তিন শতাধিক বাসিন্দা ও তার স্বজনেরা। একই দিন দুপুরে নিহত শারফিন মোল্লার বাড়ি থেকে খুনীদের গ্রেফতার ও ফাসিঁর দাবি সম্বলিত ফেস্টুন ও ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর গফুর মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, হত্যাকাণ্ডের শিকার শারফিন মোল্লার ছেলে মোশারফ হোসেন, ভাতিজা সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, স্বজন আয়ুব মোল্লা, সিরাজুল ইসলাম ও মহর মোল্লা প্রমূখ।বক্তারা বলেন, হত্যাকাণ্ডের এক সপ্তাহেরও বেশি সময় অতিবাহিত হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে মামলার আসামীরা গ্রেফতার হচ্ছেনা। এতে নিহতের পরিবার ও স্বজনসহ গ্রামবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে। পুলিশ প্রশাসনের প্রতি আগামী ২৪ ঘন্টার মধ্যে মামলার সকল আসামীদের গ্রেফতারের আল্টিমেটাম দেন বক্তারা। সেই সঙ্গে মানববন্ধন থেকে দ্রুত বিচার প্রক্রীয়া সম্পন্ন করে আসামীদের ফাঁসির দাবি জানানো হয়। উল্লেখ্য: জমির সীমানা নিয়ে বিরোধের জেরে গত ২২ নভেম্বর শারফিন মোল্লাকে (৬২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ২৩ নভেম্বর স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি রউফুল মুন্সী ও নজরুল ইসলাম বাবুসহ ১৩ জনের নাম উল্লেখ সহ ও অজ্ঞাত আরো ৩-৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহত শারফিন মোল্লার ছেলে মোশারফ হোসেন মোল্লা। হত্যাকাণ্ডের এক সপ্তাহ অতিবাহিত হলেও মামলার আসামীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এমতাবস্থায় আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধনের আয়োজন করে গ্রামবাসী।










