

মোঃ মাহফুজুর রহমান ফরিদপুরঃ
ফরিদপুর শহরের আলীপুর এলাকায় থেকে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে একটি অবৈধ ডাবল ব্যারেল বন্দুক উদ্ধার করেছে। অভিযানে অবৈধ অস্ত্রসহ মাহফুজুর রহমান সবুজ (৩৯) নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করা হয়েছে।শনিবার ভোরে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সবুজ ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রটি নিজের কাছে রেখেছিলেন।এ ব্যাপারে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান বলেন, মাহফুজুর রহমান সবুজকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে বলে শুনেছি। সাংগঠনিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের দল থেকে ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে এলাকাবাসীর সহযোগিতা অপরিহার্য।অন্যদিকে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এসব অপরাধ নির্মূলে জনগণকে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।










