অভিযোগ

চরভৈরবী বাজারে ডিজেলের অতিরিক্ত দাম, ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ।

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের চরভৈরবী বাজারে ডিজেল বিক্রিতে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে। এতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতা ও কৃষকরা। ভুক্তভোগী মনির হোসেন জানান, বাজারে যেখানে প্রতি লিটার ডিজেলের স্বাভাবিক মূল্য প্রায় ১০৫ টাকা থাকার কথা, সেখানে তার কাছ থেকে ১৩০ টাকা করে নেওয়া হয়েছে। তিনি সেচকাজে ব্যবহারের জন্য মেশিন চালাতে স্থানীয় ব্যবসায়ী শাহীন হাওলাদারের দোকান থেকে ডিজেল কিনতে গেলে এমন পরিস্থিতির মুখোমুখি হন বলে দাবি করেন।মনির হোসেন আরও অভিযোগ করেন, ডিজেলের দাম বেশি নেওয়ার বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে পাশের দোকানদার ফিরোজ হাওলাদার তাকে ধমক দিয়ে বাজারে কোনো ধরনের ঝামেলা না করতে বলেন। এতে তিনি অপমানিত বোধ করেন এবং বিষয়টি নিয়ে বাজারে উপস্থিত অন্যান্য ক্রেতাদের মধ্যেও অসন্তোষ সৃষ্টি হয়। স্থানীয় কয়েকজন কৃষক ও ক্রেতা জানান, কৃষিকাজ ও সেচের জন্য ডিজেল অত্যন্ত প্রয়োজনীয় একটি জ্বালানি। কিন্তু বাজারে যদি ইচ্ছামতো অতিরিক্ত দাম নেওয়া হয়, তাহলে কৃষকদের উৎপাদন খরচ বেড়ে যায় এবং তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।তারা অভিযোগ করেন, কিছু ব্যবসায়ী সুযোগ নিয়ে বাজারে সিন্ডিকেট তৈরি করে বেশি দামে জ্বালানি বিক্রি করছেন।এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় জ্বালানি পণ্যের মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়মিত তদারকি থাকা জরুরি। অন্যথায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিয়ে সাধারণ মানুষকে হয়রানির শিকার করতে পারে।এ ঘটনায় ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং বাজারে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।একই সঙ্গে বাজারে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

এই বিভাগের আরও খবর

Back to top button