অভিযোগ

হাইমচরে রাতের অন্ধকারে ড্রেজার দিয়ে নদীর পাড় কাটার অভিযোগ-তদন্তে প্রশাসন।

স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের গাজীনগর ১নং ওয়ার্ড এলাকায় ড্রেজার দিয়ে রাতের অন্ধকারে নদীর পাড় কেটে মাটি ও বালু বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা জুয়েলের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে গোপনে ড্রেজার ব্যবহার করে নদীর পাড় কেটে বালু উত্তোলন করা হচ্ছে। এতে করে নদী ভাঙনের ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে এবং হুমকির মুখে পড়ছে সদ্য নির্মিত নদীর বাঁধসহ আশপাশের বসতবাড়ি।এলাকাবাসী আরও জানান, শত শত ড্রেজার দিয়ে নতুন চরগুলো কেটে নেওয়ার অভিযোগ দেওয়ার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দোষীরা বেপরোয়া হয়ে উঠেছে। এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শনে যান হাইমচর থানা প্রশাসন। এছাড়াও হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, ছাত্রদলের সভাপতি ফয়সাল আখন, সাধারণ সম্পাদক মিল্লাত মাঝি এবং তাতীদলের সাধারণ সম্পাদক সবুজ পেদাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনগণ। স্থানীয়দের দাবি, বহু কষ্ট ও প্রত্যাশা নিয়ে নদী ভাঙন রোধে এই বাঁধ নির্মাণ করা হয়েছিল। কিন্তু কিছু অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থে রাতের আঁধারে বাঁধের ব্লক ভেঙে বালু উত্তোলন করে সেই স্বপ্নকে ধ্বংস করে দিচ্ছে। তারা দ্রুত এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। যারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত, তাদের পরিচয় যাই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় প্রশাসনও বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। এলাকাবাসী আশা করছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে নদী ভাঙন ও পরিবেশের ক্ষতি থেকে এলাকা রক্ষা পাবে।

এই বিভাগের আরও খবর

Back to top button