

নিজস্ব প্রতিবেদকঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় অননুমোদিত ও অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৪টায় উপজেলা গেট চত্বরে নড়াইল জেলা ব্লাড ব্যাংকের উদ্যোগে এ মানববন্ধন হয়। মানববন্ধনে নড়াইল জেলা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবক মো. সম্রাট খান বলেন, লোহাগড়া উপজেলায় বর্তমানে ২০টিরও বেশি ক্লিনিক রয়েছে, যেগুলোর লাইসেন্স নবায়ন হয়নি। অনেক ক্লিনিকে কর্মরত নার্সদের নার্সিং সার্টিফিকেট নেই। এছাড়া, অধিকাংশ ডায়াগনস্টিক সেন্টারে নেই প্রয়োজনীয় সরঞ্জাম ও দক্ষ প্যাথলজিস্ট। এতে সাধারণ মানুষ ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। তিনি আরও বলেন, রক্ত সংগ্রহের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী এইচআইভি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস ও প্রয়োজনে ম্যালেরিয়া টেস্ট করা বাধ্যতামূলক। কিন্তু দুঃখজনক হলেও অনেক প্রতিষ্ঠান এসব টেস্ট করে না। কেবল রক্তের গ্রুপ নির্ণয় করে রক্ত সংগ্রহ করা হয়। ক্রস-ম্যাচিংয়ের নামে রোগীর কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়। আবার অদক্ষ নার্সদের দ্বারা ইনজেকশন দেওয়া হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। সম্রাট খান প্রত্যাশা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “অপারেশন চলাকালীন ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে—এটি নিন্দনীয় ও অনৈতিক কাজ। এরই ধারাবাহিকতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH & FPO) ডা. শেখ আবুল হাসনাতের নেতৃত্বে প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার ইতোমধ্যেই সিলগালা করা হয়েছে। এ সময় সম্রাট খান তাঁর সুস্বাস্থ্য কামনা করেন এবং ন্যায়সঙ্গত ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।মানববন্ধনে বক্তারা আরও বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। জনগণের নিরাপত্তা ও স্বচ্ছ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবিলম্বে অবৈধ ও অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”










