রাজশাহী

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে: রাসিক প্রশাসক।

মোঃ আলাউদ্দিন মন্ডল রাজশাহী
​রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে নানামুখী প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এর অংশ হিসেবে মহানগরীর ৩০টি ওয়ার্ডে ২১টি খেলার মাঠ এবং ১৬টি ফুটসাল গ্রাউন্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

​শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর হাইটেক পার্কসংলগ্ন মাঠে কিশোর ফুটবল একাডেমি রাজশাহী ও সোনালী অতীত ক্লাব লালবাগ, ঢাকার মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হওয়ার আগে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছিলেন। দায়িত্ব গ্রহণের পর ১৮০ দিনের মধ্যেই এর অনেকগুলো বাস্তবায়ন করা হয়েছে। বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

​তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। নতুন ক্রীড়াবিদ তৈরি করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হয়েছে এবং সাবেক খেলোয়াড়দের সম্মানী প্রদান করা হচ্ছে।

​তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তরুণদের খেলাধুলায় যুক্ত রাখতে পারলে তারা মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, আরও সুন্দর ও স্বাস্থ্যকর আধুনিক রাজশাহী গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। এই মহৎ কাজে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।

​অনুষ্ঠানে রাসিক প্রশাসক হাইটেক পার্কসংলগ্ন মাঠের গ্যালারি, ড্রেসিংরুম, সুইমিংপুলসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দেশ ট্রাভেলস-এর স্বত্বাধিকারী মো. বজলুর রহমান রতন। এ সময় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, দপ্তরের দায়িত্বে থাকা মঈদুর রহমান মঈদ এবং স্থানীয় নেতৃবৃন্দ।

​বিশেষ অর্জন:

কিশোর ফুটবল একাডেমি আয়োজিত এই প্রীতি ম্যাচে সোনালী অতীত ক্লাব লালবাগ, ঢাকাকে ৩-০ গোলে পরাজিত করে স্বাগতিক কিশোর ফুটবল একাডেমি রাজশাহী। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন রাসিক প্রশাসক।

এই বিভাগের আরও খবর

Back to top button