

মোঃরব্বানী ধুনট প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে আওয়ামী লীগের মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলা মামলায় আব্দুর রহিমকে (৩৫) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে সদর ইউনিয়নের চালাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুর রহিম ওই গ্রামের আব্দুস সবুরের ছেলে ও সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসের পিয়ন হিসেবে দায়িত্বে ছিলেন। মামলা সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারী সন্ধ্যা রাতে ধুনট শহরের শহিদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ ভাবে উপস্থিত হয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে মশাল মিছিল করতে থাকে। এ সময় যুবদল নেতা রিপন শেখ ও তার লোকজন তাদের বাঁধা দেয়। তখন মশাল মিছিলকারীরা যুবদল নেতার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। অবস্থা বেগতিক ভেবে যুবদল নেতা ও তার লোকজন ঘটনাস্থল ত্যাগ করে। এঘটনায় ১৯ ফেব্রুয়ারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন যুবদল নেতা রিপন শেখ। আব্দুর রহিম ওই মামলার এজাহারভুক্ত আসামি।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, গ্রেপ্তারের পর বুধবার দুপুরে আসামিকে থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।










