

আব্দুল আজিজ পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলার পত্নীতলা থানার বিএনপির অন্যতম সদস্য এবং আমাইড় ইউনিয়নের সাবেক সভাপতি, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর খান আমাইড় ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী ভক্তদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করার লক্ষ্যে তিনি ইউনিয়নের ৯টি দুর্গা মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি শিমুলিয়া মোড় থেকে একটি বিশাল শোডাউনের মাধ্যমে যাত্রা শুরু করেন। শোডাউনটি এলাকা পরিক্রমা করে চুনাপাড়া ও নান্দাশ হয়ে কাঁঠালতলী মন্দিরে গিয়ে শেষ হয়।
মণ্ডপগুলোতে পৌঁছালে প্রতিটি মন্দির কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। বিশেষ করে শাঙ্কিডোবা মন্দির কমিটি, কাঁঠালতলী মন্দির কমিটিসহ সকল মন্দির কমিটির সদস্যরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরিদর্শনকালে আব্দুস সবুর খান বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আমাইড় ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নিরাপদে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”
এ সময় তাঁর সাথে আমাইড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।










