

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের ২নং ওয়ার্ডের তেলির মোড় এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা বারেক গাজীর সঙ্গে তার ছোট ভাই আব্দুল মালেক গাজীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।এরই জেরে সম্প্রতি আব্দুল মালেক গাজী তার পরিবারের সদস্য ও ৫০ থেকে ৬০ জন ভাড়াটিয়া লোকজন নিয়ে বারেক গাজীর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।হামলার সময় বারেক গাজীর স্ত্রী এবং বেড়াতে আসা মেয়ের জামাইকে দেশীয় লোহার অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে জানা গেছে। এছাড়া তার দুই মেয়ে সন্তানসহ পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হন। হামলাকারীরা ঘরবাড়িতে ভাঙচুর চালায় বলেও অভিযোগ রয়েছে।ভুক্তভোগী পরিবার জানায়, তারা দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের হুমকি-ধমকির মধ্যে বসবাস করে আসছিলেন। এর আগেও একাধিকবার তাদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলে দাবি করেন তারা। সর্বশেষ এ হামলার ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। একই সঙ্গে প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এ ঘটনায় এখনো পর্যন্ত অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত পদক্ষেপ নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।










