অভিযোগ

নীলকমলে নির্মাণের এক মাসেই ধসে পড়ল কালভার্ট, দুর্নীতির তদন্ত দাবি এলাকাবাসীর।

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচরে উপজেলার ৪নং নীলকমল ইউনিয়নের ঈশানবালা ২ নম্বর ওয়ার্ডে নির্মিত একটি কালভার্ট নির্মাণের মাত্র এক মাসের মধ্যেই ধসে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই কালভার্টটি একটি নছিমনের (স্থানীয় মোটরচালিত যান) সামান্য ভারও সহ্য করতে না পেরে খালের মধ্যে ভেঙে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকার একটি খালের উপর জনগণের চলাচল সহজ করতে কালভার্টটি নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই একটি নছিমন কালভার্টের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই সেটি ধসে পড়ে এবং কালভার্টের একটি অংশ খালের মধ্যে পড়ে যায়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা কালভার্টটি পরিদর্শন করে দেখতে পান, এর ভিতরে কোনো ধরনের লোহার রড বা মানসম্মত নির্মাণসামগ্রীর ব্যবহার ছিল না। ফলে খুব অল্প চাপেই এটি ভেঙে পড়ে বলে অভিযোগ করেছেন তারা। এলাকাবাসীর দাবি, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও দায়িত্বে অবহেলার কারণেই এমন ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানান, এই কালভার্টটি এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। কিন্তু নিম্নমানের নির্মাণকাজের কারণে এটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পের অর্থ সঠিকভাবে কাজে লাগানো হলে এমন ঘটনা ঘটত না। কালভার্টটি নির্মাণের সময় সঠিক তদারকি করা হয়নি বলেই আজ এটি ধসে পড়েছে। এলাকাবাসী ও সচেতন মহল দ্রুত ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা পুনরায় টেকসই ও মানসম্মতভাবে কালভার্টটি নির্মাণেরও দাবি জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।

এই বিভাগের আরও খবর

Back to top button