

কামরুজ্জামান বাবুঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর সাপাহার উপজেলায় উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও ডাসকো ফাউন্ডেশনের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে সোমবার সকালে সাপাহার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সমাজের সামগ্রিক উন্নয়নে নারীর অংশগ্রহণ অপরিহার্য। নারী ও কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা এবং সমান সুযোগ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। বক্তারা এই প্রতিপাদ্যের আলোকে নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সাপাহার থানা অফিসার ইনচার্জ, উপজেলা শিক্ষা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা এবং ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের টেকনিক্যাল অফিসার আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিডিও নাসরিন আক্তার, জাহাঙ্গীর আলমসহ ডাসকো ফাউন্ডেশন থ্রাইভ প্রকল্পের অন্যান্য প্রতিনিধিবৃন্দ। বক্তারা বলেন, নারীর অধিকার রক্ষা ও তাদের সক্ষমতা বৃদ্ধি করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সমাজের সব স্তরের মানুষকে সচেতন হতে হবে। অনুষ্ঠানটি নারীর অধিকার, মর্যাদা ও সমতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।










