

কামরুজ্জামান বাবু পোরশা প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (বেলা ১১টা) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব মোঃ রাকিবুল ইসলাম। সভায় নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ হামিম, পোরশা থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি, বিজিবির অধিনায়কসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ।উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবকে বর্ণাঢ্য ও সুশৃঙ্খলভাবে উদযাপনের জন্য সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি সকল দপ্তরকে দায়িত্বশীলতার সঙ্গে নির্ধারিত কাজ সম্পন্ন করার আহ্বান জানান।সভা শেষে আগামী বাংলা নববর্ষ উদযাপনকে আনন্দঘন, নিরাপদ ও অংশগ্রহণমূলক করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।










