

আব্দুল আজিজ নওগাঁ প্রতিনিধিঃ
আজ শুভ মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাকের বাদ্য ও চণ্ডীপাঠে আজ সকাল থেকেই আনন্দে মুখরিত হয়ে উঠেছে নওগাঁর পূজামণ্ডপগুলো। এ বছর নওগাঁ জেলাজুড়ে সর্বমোট ৮৩৮টি মণ্ডপে একযোগে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।আজ সরেজমিনে নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের নান্দাশ গ্রামের চৌধুরীপাড়া দুর্গা মন্দিরে গিয়ে দেখা যায় আনন্দঘন পরিবেশ। পত্নীতলা উপজেলায় চলতি বছর মোট ৮৪টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে আমাইড় ইউনিয়নের মণ্ডপগুলোতেও ছড়িয়ে পড়েছে উৎসবের আবহ। আজ পূজার প্রথম দিনেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চৌধুরীপাড়া পূজা কমিটির সাথে কথা বলে জানা যায়, অত্যন্ত সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার ঝামেলা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি মণ্ডপেই পুলিশের টিম কাজ করছে এবং পুলিশ বাহিনীর বিশেষ দল সার্বক্ষণিক টহল দিচ্ছে। প্রশাসনের এমন নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পূজা কমিটির নেতৃবৃন্দ ও ভক্তরা।আজ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসব আগামী বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সম্পন্ন হবে।










